নওগাঁর মান্দা উপজেলায় পূর্বের জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের অন্তত ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আবুল হোসেন (৫৭) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুসুম্বা ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা মোঃ আবুল হোসেনের সঙ্গে তার ভাই ও ভাতিজাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা মানেন নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ১ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে অভিযুক্ত মোঃ আব্দুল জলিল (৬৫), মোঃ আনোয়ার হোসেন (৩৫), মোছাঃ আজুয়ারা বেগম (৫২)সহ অজ্ঞাতনামা আরও ৮/৯ জন দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে আবুল হোসেনের ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে জবরদখলের চেষ্টা চালায় এবং গালিগালাজ শুরু করে।
এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা আবুল হোসেনের ওপর লোহার রড দিয়ে আঘাত করে, এতে তার বাম চোখের নিচে গুরুতর জখম হয়। তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার ছেলে মোঃ শাহজাহান আলীকেও এলোপাতাড়ি মারধর করা হয়। পরে বড় ভাই মোঃ শরিফ উদ্দিন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
এছাড়া স্থানীয় ব্যক্তি মোঃ শহিদ (৪৫) আহতদের রক্ষা করতে গেলে তার ওপরও হামলা চালানো হয়। এতে তার ডান হাতের কব্জি ও আঙুলে গুরুতর আঘাত লাগে এবং হাড় ভেঙে যায় বলে জানা গেছে।
পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


