নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ জনাব হাসিবুল্লাহ হাবিব। সোমবার এক বিশেষ বার্তায় তিনি জানান, মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি পত্নীতলা ও বদলগাছীসহ বিভিন্ন উপজেলায় ফেন্সিডিল, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি ইনচার্জ হাসিবুল্লাহ হাবিব বলেন:
“মাদকের মরণব্যাধি থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী বা এর পৃষ্ঠপোষক যেই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানায়, জেলাজুড়ে চিহ্নিত মাদক কারবারিদের তালিকা তৈরি করে এই ঝটিকা অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত নওগাঁ গড়তে সাধারণ নাগরিকদেরও তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।


