নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি সফল অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রে
তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা এবং বিপুল পরিমাণ নেশাজাতীয় বুপ্রেনরফিন অ্যাম্পুল ইনজেকশন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মে ২০২৬ তারিখ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সুনির্দিষ্ট নির্দেশনায় এই মাদকবিরোধী অভিযানগুলো পরিচালনা করা হয়।
প্রথম অভিযান (সুইপার কলোনি):
১৬ মে সকাল ০৬:০০ ঘটিকায় ডিবি পুলিশের একটি চৌকস দল শহরের সুইপার কলোনিতে অভিযান চালায়। এ সময় ইয়াবা কেনাবেচার হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— নওগাঁ সদর থানার একরতারা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে নিয়ামুলা (২৫) এবং সুইপার কলোনির মানি বাশফোরের ছেলে সুরুজ বাশফোর (৪১)। এ সময় নিয়ামুলার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা এবং সুরুজের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১,৬০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
দ্বিতীয় অভিযান (আরজি নওগাঁ):
একই দিন দুপুর ০২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দ্বিতীয় আরেকটি দল আরজি নওগাঁ এলাকায় অভিযান চালায়। মাদক কারবারি হাসান আকন্দ (৪৪) তার নিজ বাড়িতে গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুত রেখেছে— এমন সংবাদের ভিত্তিতে তার ঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার বসতঘর থেকে আধা কেজি (৫০০ গ্রাম) গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। হাসান আকন্দ ওই এলাকার মোয়াজ্জেম আলীর ছেলে।
তৃতীয় অভিযান (বিএমসি মহিলা কলেজ সংলগ্ন এলাকা):
বিকেল ০৪:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চকদেব সরকারি বিএমসি মহিলা কলেজ সংলগ্ন মৈত্রী টাওয়ারের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের আরেকটি দল। সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে অপেক্ষারত সন্দেহভাজন যুবক নাজমুল শাদাদ তরফদার ওরফে সুমা (৩০)-কে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে থাকা একটি কালো ছোট ব্যাগ থেকে ৬০ পিস নেশাজাতীয় মাদক অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সুমা চকদেব এলাকার তৈমুরের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, গ্রেফতারকৃত চার মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।


