নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জহুরুল ইসলামের বদলি আদেশের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ক্ষুব্ধ ও হতাশ স্থানীয় বাসিন্দারা। চিকিৎসাসেবায় তাঁর অসামান্য অবদান এবং রোগীদের প্রতি মানবিক আচরণের কারণে উপজেলার সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রাতিক্রিয়া দেখা দিয়েছে। বদলি আদেশ স্থগিত করে তাঁকেই ধামইরহাট হাসপাতালে বহাল রাখার জোর দাবি জানিয়েছেন সর্বস্তরের জনগণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধামইরহাট সরকারি হাসপাতালে যোগদানের পর থেকেই ডা. জহুরুল ইসলাম অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে সেবা দিয়ে আসছিলেন। দিন কিংবা রাত—যেকোনো জরুরি মুহূর্তে রোগীদের পাশে দাঁড়ানোয় তিনি অল্প দিনেই হয়ে ওঠেন ধামইরহাটবাসীর আস্থার প্রতীক। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীদের ফ্রিতে চিকিৎসা প্রদান এবং পরম যত্নে সেবা দেওয়ার কারণে তিনি সাধারণ মানুষের হৃদয়ে ‘মানবিক ডাক্তার’ হিসেবে জায়গা করে নেন।
উপজেলার চিকিৎসা নিতে আসা একাধিক রোগী ও তাঁদের স্বজনদের সাথে কথা বললে তারা বলেন, “ডা. জহুরুল স্যারের মতো একজন ভালো মনের ডাক্তার এই হাসপাতালে পাওয়া ভাগ্যের বিষয় ছিল। তিনি শুধু চিকিৎসা সেবাই দেন না, রোগীর সঙ্গে যে সুন্দর ব্যবহার করেন, তাতেই অর্ধেক রোগ ভালো হয়ে যায়। এমন একজন ভালো ডাক্তারকে আমরা হারাতে চাই না।”
ধামইরহাটের সচেতন সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, প্রান্তিক এলাকায় যেখানে ভালো চিকিৎসকদের ধরে রাখা কঠিন, সেখানে ডা. জহুরুল ইসলামের মতো একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে বদলি করা হলে ধামইরহাটের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
উপজেলাবাসীর একদফা দাবি—জনস্বার্থে ও ধামইরহাটের সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে অনতিবিলম্বে ডা. জহুরুল ইসলামের বদলি আদেশ স্থগিত করে তাঁকেই পুনরায় ধামইরহাট হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা হিসেবে পুনর্বহাল করা হোক।


