দিনাজপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মাদক, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) পৃথক তিনটি বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে। এ সময় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশি মদ, একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮০০ টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ আগস্ট ২০২৬ দিনাজপুর জেলার বোচাগঞ্জ ও বিরল সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে রাত ৯টা ৪৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি সদস্যরা বোচাগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩২/৫-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরমেশ্বরপুর এলাকায় অভিযান চালিয়ে মো. দেলোয়ার হোসেন (৩০) ও মো. আবু সায়েম শীপন (২০)-কে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়।
আটক দেলোয়ার হোসেনের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামে। অপর আটক আবু সায়েম শীপনের বাড়িও একই উপজেলার ভবানীপুর গ্রামে।
পরে আটক দুই আসামিকে জব্দকৃত মাদক, মোটরসাইকেল, মোবাইল ফোন ও সিমকার্ডসহ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
একই দিন রাত ১০টা ৫০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের রামচন্দ্রপুর বিওপি বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৯/৪-এস থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভুড়িরহাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
এর কিছুক্ষণ পর রাত ১১টায় দিনাজপুর ব্যাটালিয়নের কিশোরীগঞ্জ বিওপি বিরল উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৩১ থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাকুড়া বাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল দেশি মদ জব্দ করে।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিজেরাই হবেন প্রাথমিক চিকিৎসার সহায়: দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে প্রশিক্ষণ ও ফার্স্ট এইড কিট বিতরণ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও