দিনাজপুরে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তার বিকাশে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”-এর জেলা পর্যায়ের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, স্টার্টআপ ধারণা এবং বিজ্ঞানভিত্তিক গবেষণামূলক উদ্যোগ উপস্থাপন করেন।
রোববার (১৪ জুন) এডুকেশনাল এনরিচমেন্ট সাপোর্ট স্কিম (EESS)-এর আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, দিনাজপুরের বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জেদান আল মুসা।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প, পরিবেশবান্ধব প্রযুক্তি, ডিজিটাল সমাধান, উদ্যোক্তা উন্নয়নমূলক ধারণা এবং ভবিষ্যৎমুখী স্টার্টআপ পরিকল্পনা উপস্থাপন করেন। এসব প্রকল্পে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণাধর্মী মনোভাব এবং বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তির ব্যবহার বিশেষভাবে প্রতিফলিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে পারলে দেশ দক্ষ মানবসম্পদ অর্জনের মাধ্যমে আরও এগিয়ে যাবে। তারা নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চা, তথ্যপ্রযুক্তি শিক্ষা এবং উদ্যোক্তা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উপস্থাপিত প্রকল্পসমূহ ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের মেধা, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নতুন ধারণা বিকাশ এবং উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন ক্যাটাগরিতে স্বীকৃতি ও সম্মাননা প্রদান করা হয়।


