রবিবার,৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে ৭ হাজার বৃক্ষের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপকারভোগী কৃষকদের মাঝে জৈব সারও প্রদান করা হয়।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।
কৃষি বিভাগের সূত্রে জানা যায়, সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ১৭টি ইউনিয়নের ১ হাজার ২২০ জন কৃষকের মাঝে আম, লেবু, অর্জুন, মেহগনি ও বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি গাছের মোট ৭ হাজার চারা বিতরণ করা হয়। পাশাপাশি কৃষকদের গাছের পরিচর্যা ও পরিবেশবান্ধব কৃষি চর্চায় উৎসাহিত করতে জৈব সারও প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি অর্থনৈতিকভাবেও কৃষকদের লাভবান করতে পারে। তাই বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজায়নের এই উদ্যোগকে সফল করতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী বলেন, বিতরণকৃত চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করা হলে সরকারের সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতে কৃষকরাও অর্থনৈতিকভাবে উপকৃত হবেন।
কৃষকদের মাঝে এই চারা বিতরণ কর্মসূচি এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। অংশগ্রহণকারী কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষা ও ফলদ বৃক্ষের আবাদ বৃদ্ধিতে নিজেদের সম্পৃক্ততার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী