শনিবার,৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই আন্দোলন নিয়ে অশ্লীল পোস্ট, অভিনেত্রী শাওন-মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচার এবং অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগটি তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে এ জিডি করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা জিডিটি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং ৩০ হাজারেরও বেশি আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জুলাই আন্দোলন ও এর স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

 

অভিযোগে বলা হয়, শান্তা ফারজানা নামে এক ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। জিডিতে দাবি করা হয়েছে, এই ভিডিও শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

এছাড়া, অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে অশ্লীল পোস্ট এবং বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও আন্দোলন নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন।

চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধেও অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু বক্তব্য দিয়েছেন, যেখানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের অভিনয়ের সঙ্গে তুলনা করেছেন। এতে আন্দোলনে অংশগ্রহণকারীদের হেয় করা হয়েছে বলেও জিডিতে দাবি করা হয়।

এসব অভিযোগ তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনলাইনে জুলাই আন্দোলনকে অবমাননার অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। বিষয়টি সাইবার-সংশ্লিষ্ট হওয়ায় তদন্তের জন্য ডিবির সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়েছে। বর্তমানে তারা বিষয়টি তদন্ত করছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে ট্রাম্পকে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী