জামালপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে জামালপুর- ৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন এই আদেশ দেন।
আদেশের সূত্রে জানা গেছে, জামালপুর- ৩ সংসদীয় আসনের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার, রাস্তা-ঘাটে, রঙ্গিন পোস্টার ও বিদ্যালয় প্রাঙ্গনে ব্যানার ব্যবহার করে বিএনপি দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীকের সমর্থনে ভোটের প্রচারণা করেছেন। এ বিষয়ে গত ৬ ফেব্রুয়ারী একই আসনের স্বতন্ত্র প্রার্থী মো: সাদিকুর রহমান সিদ্দিকী মাদারগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
এছাড়াও, মেলান্দহ উপজেলার বিভিন্ন বাজার, রাস্তা-ঘাট ও বৈদ্যুতিক খুটিতে রঙ্গিন পোস্টার ব্যবহার করে ধানের শীষ প্রতীকের সমর্থনে ভোটের প্রচারণা করার অভিযোগে জাকির হোসাইন নামে এক ব্যাক্তি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগের ভিত্তিতে অপরাধ আমলে নেয়ার মত উপাদান বিদ্যমান থাকায় মোস্তাফিজুর রহমান বাবুলের বিরুদ্ধে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট সামারী ট্রায়াল পরিচালনা করেন। আজ (১০ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ১১টায় জামালপুর-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে স্ব-শরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের উপস্থিতিতে সংক্ষিপ্ত বিচারিক আদালত তাকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। আজ দুপুরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন এই দন্ডাদেশ প্রদান করেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে বিএনপি দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।


