মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁদপুর জেলা কারাগারে কারাবন্দীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এবং জেলা কারাগার, চাঁদপুরের যৌথ উদ্যোগে জেলা কারাগারে এ সভার আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক কারাবন্দী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভুঁইয়া।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। মাদকের অপব্যবহারের ফলে অপরাধ প্রবণতা বৃদ্ধি, পারিবারিক অশান্তি এবং তরুণ সমাজের বিপথগামিতার মতো নানা সমস্যা দেখা দেয়। তাই দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, কারাবন্দীদের কেবল শাস্তি প্রদান নয়, তাদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের মাধ্যমে মূলধারায় ফিরিয়ে আনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম কারাবন্দীদের নতুন জীবন শুরু করার প্রেরণা জোগাবে।
আলোচনা সভায় মাদকের সামাজিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপস্থিত কারাবন্দীদের মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গঠনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে কারাবন্দীদের মাঝে মাদকের কুফল ও সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের মাদকবিরোধী কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


