খুলনা রেলওয়ে জেলা পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় সম্রাট বিশ্বাস (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে।প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে তিনি নিজ অস্ত্র দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পুলিশ লাইনের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে।
নিহত সম্রাট বিশ্বাসের বিপি নম্বর ৯৯১৮২১৪৯২৯। তার স্ত্রী পূজা বিশ্বাসও পুলিশ সদস্য হিসেবে সাতক্ষীরা জেলায় কর্মরত রয়েছেন।
ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে জেলার সিনিয়র রেলওয়ে পুলিশ (এসআরপি) এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


