রবিবার,২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় সিএনজি চালককে পিটিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক সিএনজিচালিত অটোরিকশা চালককে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ছিলারকান্দি গ্রামের বাসিন্দা রাহেল মিয়া (২৩) পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ১০. ৩০ ঘটিকার দিকে কুলাউড়া-ভুকশিমইল সড়কের পালর মোড়া এলাকায় তিনি হামলার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক এসে রাহেল মিয়ার সিএনজির গতিরোধ করে। পরে তাঁকে সড়কের পাশে নামিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাঁর কাছে থাকা নগদ ২০ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এমনকি তাঁর ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাহেল মিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রেফার করা হয়।
আহতের বাবা আব্দুল আলী বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হামলা করে মারধর করা হয়েছে। তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পরও অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলায় গুরুত্বপূর্ণ সড়কে এ ধরনের ঘটনা জনমনে উদ্বেগ তৈরি করেছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহুরুল ইসলাম মুন্না বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত নয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর