ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি’র উদ্যোগে আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় উপকারভোগীদের মাঝে নগদ অর্থ ও কৃষি বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার তালিকাভুক্ত প্রায় ৩০০টি পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। একই সঙ্গে উপকারভোগীদের মাঝে বিভিন্ন ধরনের কৃষি বীজও বিতরণ করা হয়, যা তাদের জীবিকা উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার পথে সহায়ক হবে।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এপি’র ম্যানেজার সাগর জন কস্তা’র সভাপতিত্বে এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার অর্ণা ধারা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাছিমা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক রবিউল আলম ফরাজী, এ. হান্নান আল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র ও অসহায় পরিবারগুলোর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।
শেষে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ ও কৃষি বীজ বিতরণ করা হয়।


