পটুয়াখালীর পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবালকে ব্যতিক্রমীভাবে ঈদের দাওয়াত দিয়েছেন উচ্ছেদ আতঙ্কে থাকা জিয়া কলোনীর ১৩৬ পরিবারের সদস্যরা। রবিবার দুপুর ১২টার দিকে একটি শুভেচ্ছা মিছিল নিয়ে বন্দরের প্রধান ফটকে উপস্থিত হন ওই এলাকার নারী, পুরুষ ও শিশুরা। পরে তাদের একটি প্রতিনিধি দল বন্দরের অভ্যন্তরে প্রবেশ করে চেয়ারম্যানের একান্ত সচিব আহসান হাবিবের কাছে ঈদের দাওয়াত কার্ড তুলে দেন।
জিয়া কলোনীর বাসিন্দাদের দাবি, ২০০১ সালে বন্দরের পাশের এলাকায় গড়ে ওঠা এই কলোনীতে বসবাসরত হতদরিদ্র পরিবারগুলো দীর্ঘদিন ধরে উচ্ছেদের আতঙ্কে রয়েছে। তাদের অভিযোগ, উচ্ছেদের উদ্দেশ্যে প্রায়ই ঠিকাদারদের পক্ষ থেকে বুলডোজার নিয়ে আসা হচ্ছে। এতে পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বাসিন্দারা জানান, উচ্ছেদ করা হলে তাদের মাথা গোঁজার আর কোনো জায়গা থাকবে না। তাই নিজেদের দুর্দশার বাস্তব চিত্র ঈদের দিনে সরাসরি দেখতে পায়রা বন্দর চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়ে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
তারা উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।


