পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বাজার এলাকায় দোকান দেওয়াকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।
সকালে ইন্দুরকানী বাজারের এলজিইডি ব্রিজ সংলগ্ন পুরাতন কাজি অফিসের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের মুজিবুর রহমান শেখের ছেলে সোহাগ শেখ (২৪) ও ওলিউল্লাহ শেখ (২৭) দীর্ঘদিন ধরে এলজিইডি ব্রিজ সংলগ্ন ‘মেসার্স ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ’ নামের একটি প্রতিষ্ঠানে ব্যবসা করে আসছেন। একই এলাকার মিলন শিয়ালীর ছেলে সাগর শিয়ালী সেখানে পূর্বে কাজ শিখতেন। পরবর্তীতে সাগর ও তার ভাই শাকিল পাশেই নতুন একটি ওয়ার্কসপ চালু করেন।
অভিযোগ রয়েছে, ব্যবসায়িক প্রতিযোগিতার জেরে ওলিউল্লাহদের দোকান ছেড়ে দিতে চাপ প্রয়োগ করা হয়। এ নিয়ে গত রোববার রাতে উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে।
আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিয়ে সালিশ বৈঠকের কথা থাকলেও সকালে পুরাতন কাজি অফিসের সামনে দুই পক্ষের মুখোমুখি হলে ফের সংঘর্ষ বাধে।
ভুক্তভোগীদের দাবি, মিলন শিয়ালী, তার ছেলে সাগর ও শাকিল, কবির দফাদার ও তার ছেলে সাবিব্ব মিলে পাইপ ও রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালান। এতে সোহাগ ও ওলিউল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতাল-এ পাঠান।আহতদের অভিযোগ, হামলাকারীরা তাদের সঙ্গে থাকা ১ লাখ ৪৬ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
তবে অভিযুক্ত শাকিল শিয়াল দাবি করেন, “গত রোববার আমাদেরকে মারধর করা হয়। আজ সালিশের আগে তাদের সামনে পেলে আমরা কথা বলতে যাই। এ সময় তারা আমাদের ওপর আঘাত করে। এতে আমাদের পক্ষেরও চারজন আহত হয়েছে।”
এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের দায়িত্বরত এসআই সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


