লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের শিশু নন্দিনীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগের সময় বিক্ষুব্ধ জনতার হামলায় ডিসি ও এসপির গাড়িসহ কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে উপজেলার একটি ভুট্টাখেত সংলগ্ন গর্ত থেকে প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নন্দিনী সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই এলাকার বিধান চন্দ্র নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে নিয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে স্থানীয় বিক্ষুব্ধ গ্রামবাসী বাধা দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকটি সরকারি গাড়িতে ভাঙচুর করা হয়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। নন্দিনীর হত্যার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে।


