প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 1, 2025 ইং
সেতুসহ-৫-দফা-দাবিতে-বোরহানউদ্দিনে-২২৫-মেগাওয়াট-বিদ্যুৎকেন্দ্র-ঘেরাও

মোঃ আশিক পণ্ডিত
ভোলা–বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবিতে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত ২২৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র ঘেরাও করেছে কয়েক হাজার বিক্ষোভকারী। সোমবার দুপুর ২টার দিকে বিভিন্ন ইউনিয়ন ও থানার আন্দোলনকারীরা কেন্দ্রটি ঘেরাও করে মূল ফটকে অবস্থান নেন। খবর লেখা পর্যন্ত সেখানে বিক্ষোভকারীদের অবস্থান অব্যাহত রয়েছে।
এর আগে জেলার বিভিন্ন থানা থেকে মিছিল করে আন্দোলনকারীরা বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জব্বার কলেজ মাঠে সমবেত হন। সেখান থেকে একটি বৃহৎ পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা–চরফ্যাশন মহাসড়ক হয়ে শাহবাজপুর গ্যাসফিল্ডের দিকে অগ্রসর হয়।
তবে পথিমধ্যে পুলিশের বাধার মুখে পদযাত্রাটি দিক পরিবর্তন করে নিকটবর্তী ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে অবস্থান নেয় এবং পাঁচ দফা দাবির পক্ষে স্লোগান দিতে থাকে।
ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি—বরিশালের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করতে ভোলা–বরিশাল সেতু নির্মাণ। এই দাবিকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে রাজধানী ঢাকায় বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশসহ একাধিক কর্মসূচি পালন করেছে ভোলার বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ।
গত ২৮ নভেম্বর আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। এর আগে একই দাবিতে ভোলায় সফররত তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করে আন্দোলনকারীরা।
সরকার এখনো এই দাবিগুলো নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি। তবে জনগণ তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।