প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 1, 2025 ইং
বকশীগঞ্জে কৃষক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

মোহাম্মদ গোলাম মোস্তফা
জামালপুরের বকশীগঞ্জে কৃষক আবদুল মালেক হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় মেরুরচর ইউনিয়নের বাগাডোবা গ্রামে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত কৃষকের পরিবার, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে একজন নিরীহ কৃষককে নির্মমভাবে হত্যার ঘটনাটি স্থানীয় সমাজ ও পরিবারকে গভীরভাবে মর্মাহত করেছে। কিন্তু এখনো মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বক্তারা দ্রুততম সময়ে ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
এসময় বক্তব্য দেন নিহত কৃষক আবদুল মালেকের ভাই আসলাম আলী, ছেলে খোরশেদ আলম, পরিবার সদস্য মাহফুজা বেগম, আব্দুস ছালাম, মোফাজ্জল হোসেন ও ফরিদ মিয়া। মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর বিকেলে মরিচ ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে বাগাডোবা গ্রামের আবদুল খালেকের ছেলে কৃষক আবদুল মালেক (৪৫)-এর ওপর হামলা চালায় একই গ্রামের দুদু মিয়ার ছেলে বিল্লাল হোসেনসহ বিদুৎ মিয়া, তারা মিয়া, সিয়ামসহ আরও কয়েকজন। পিটিয়ে ও কুপিয়ে গুরুতরভাবে আহত করা হলে আবদুল মালেককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পথে সন্ধ্যার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পরদিন নিহতের ভাই আসলাম আলী বকশীগঞ্জ থানায় একাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এখনো মামলার সকল আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।