প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ মোশারফ
ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার তিন পলাতক আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বুধবার (২৬ নভেম্বর) রাতে হাটহাজারীর কামাল পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে পলাতক আসামি ওসমান গনি মানিককে (৫৮) গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে একই রাতেই ফটিকছড়ির কড়িয়ার দিঘী এলাকা থেকে আরও দুই আসামি—মো. হারুন (৪০) ও আনোয়া পাশা বাবুলকে (৬২)—গ্রেপ্তার করে র্যাব।
গত ৩ আগস্ট পারিবারিক বিরোধের জেরে ফটিকছড়ির জাফতনগর ইউনিয়নে আপন দুই ভাই আলমগীর ও জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের ছোট ভাই মো. রাসেল বাদী হয়ে বড় ভাই রেজাউল করিমের স্ত্রী নিগার সুলতানাকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে অন্তর্ভুক্ত করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই মামলার আসামিরা পলাতক ছিলেন।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমদ জানান, “র্যাব গ্রেপ্তারের পর তিন আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।