প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
জয়পুরহাটের উন্নত মানের আলু এখন বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে,

শ্রী মোহন ।।
উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা জয়পুরহাট। আলু উৎপাদনে এ জেলা শীর্ষ অবস্থানে থাকায় রোপা আমন ধান কাটা-মাড়াই করে আগাম আলুর বীজ রোপন করতে ব্যস্ত সময় পার করছেন আলু চাষীরা।
রোপা আমন ধান কাটা শেষ করে জমিতে হালচাষ ও সার ছিটানোসহ জমি প্রস্তুত করে আলু লাগাতে ব্যস্ত প্রন্তিক কৃষকরা। তবে বিগত বছরের মতো এ বছরেও সার সংকটে ভুগছেন সাধারণ কৃষকরা। সংকটকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা সারের বেশি দাম নিচ্ছেন। গত মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদন হওয়ার পর আলুর দাম পাননি কৃষকরা। এ অবস্থায় লোকসানের বোঝা মাথায় নিয়ে আবার আলু চাষের স্বপ্ন বুনছে কৃষক, তবে সার সংকট হওয়ায় চিন্তায় পরেছেন আলু চাষীরা।
আলু চাষীরা সার সংকটের অভিযোগ করে বলেন, আমরা বেশি দাম দিয়েও সার পাচ্ছি না। বীজ প্রস্তুত, জমি তৈরি সবকিছুই আটকে আছে সারের জন্য। এভাবে চললে আলু চাষে বড় ধরনের ক্ষতির মুখে পড়বো।
এ বিষয়ে ডিলারদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের কাছে বরাদ্দ হওয়া সারের চেয়ে কৃষকের চাহিদা অনুযায়ী যোগান কম। তবে বরাদ্দ বেশি দিলে এ সমস্যা সমাধান হবে।
এ বিষয়ে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একেএম সাদিকুল ইসলাম বলেন, গত বছরে আলু উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা দাম পায়নি তাই সরকার জয়পুরহাট জেলায় এ বছর ৩৯ হাজার হেক্টর জমিতে আলু লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন। এবছর আগাম আলু চাষে পাঁচ হাজার হেক্টর জমির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বৃষ্টির কারণে মাত্র ৫০০ হেক্টর জমিতে আলু রোপন করা হয়েছে। আশা করছি আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। তা ছাড়া জয়পুরহাটের উন্নত মানের আলু এখন বিশ্বজুড়ে রপ্তানি হচ্ছে, বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত, নেপাল, রাশিয়া এবং দুবাইয়ের মতো দেশগুলোতে। এই আলু দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও সরবরাহ করা হচ্ছে এবং এর চাহিদা দিন দিন বাড়ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।