প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
দোয়ারাবাজারে এসআই মনিরুলের নেতৃত্বে বিশেষ অভিযান

মহিউদ্দিন জুয়েল
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাবাজার এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা যায়, দোয়ারাবাজার থানার এসআই ও বাংলাবাজার ইউনিয়নের বিট অফিসার জনাব মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন ওই মাদক কারবারিকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ইয়াবা জব্দ করা হয়।
এসআই মনিরুল ইসলাম জানান, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে জেলা পুলিশ সুপার এবং দোয়ারাবাজার থানার ওসির নির্দেশনায় এই অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
এদিকে, বাংলাবাজার ইউনিয়নে বিট অফিসার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই এসআই মনিরুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছেন। তার নেতৃত্বে পরিচালিত এই অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, "মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই ধারাবাহিক ও কঠোর অভিযান সত্যিই প্রশংসনীয়। এতে এলাকার উঠতি বয়সী তরুণরা মরণঘাতী মাদকের ছোবল থেকে রক্ষা পাবে।"
দোয়ারাবাজার থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। "মাদককে না বলুন — সুস্থ ও নিরাপদ সমাজ গড়ুন"—এই স্লোগানকে সামনে রেখে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।