
মোঃ কারিবুল ইসলাম
মিরপুর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মোটরসাইকেল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
এসময় জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেন, "শিক্ষার্থীদের মনোযোগের অভাব, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা এবং সড়ক দুর্ঘটনা রোধে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এছাড়া, তিনি মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলামকে একটি পরিপত্র জারি করার নির্দেশ দেন, যাতে বিদ্যালয়ে মোবাইল ফোন ও মোটরসাইকেল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মতবিনিময় সভায় তিনি উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে এবং স্কুলে নিয়মিত আসা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন।
ইতিমধ্যে মিরপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এই নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে এবং আগামী দিনগুলোতে স্কুলে এই নতুন নিয়ম যথাযথভাবে কার্যকর করার জন্য আরও মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে।