প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2025 ইং
উত্তরবঙ্গের নেমেছে শীতের আমেজ

মেহেদী হাসান
বাতাসে কমে গেছে আর্দ্রতা। প্রকৃতিতে এখন শীতের আমেজ। সন্ধ্যা-সকাল কুয়াশার চাদর মুড়ে দিচ্ছে চারপাশ। ঘাসের ডগায় দেখা মিলছে শিশিরের ‘মুক্তোর দানা’।
এই শীতে রূপ লাবণ্যের পাশে রিক্ত প্রকৃতিকে আমরা নতুন করে আবিষ্কার করি। এক অদ্ভুত আচ্ছন্নতা ঘিরে রাখে প্রকৃতিকে। দিনের সূর্য ঢেলে দিচ্ছে মায়াবী রোদ। খালবিল থেকে বর্ষার পানি শুকোচ্ছে। আকাশে ছন্নছাড়া নীল মেঘের ভেলা। কাঁশবনের শনশন শব্দ আর পাখপাখালির কিচিরমিচিরে জনপদ মুখর। গ্রামাঞ্চলে শুরু হয়েছে মাছ ধরার উৎসব। গ্রামীণ জনপদের আবহাওয়া বলে দিচ্ছে শীত এসেছে।
শীতকাল অন্য ঋতুগুলোর চেয়ে একেবারেই আলাদা। নবান্নের ঋতুর হাত ধরেই আসে শীতকাল। মাঠে মাঠে সোনালি ধান গোলায় ভরার উৎসবে মেতে থাকা মানুষের শরীরে লাগে শীতের কাঁপন। নতুন ধানের পিঠা-পায়েস নিয়ে সকালের মিঠে রোদ্দুরে পিঠ ঠেকিয়ে রসনা তৃপ্তি শীতের সে এক অন্যরকম অনুভূতি। খেজুরের মিষ্টি রসের হাঁড়িতে পাটকাঠি ডুবিয়ে গ্রামের ছেলেমেয়েদের চুকচুক করে রস খাওয়ার সেই দৃশ্য আজও বদলায়নি। খেজুরের রস, পাটালি গুড়, কোঁচড়ভর্তি মুড়ি-মুড়কি, পিঠা-পায়েস, খড়-পাতার আগুনে শরীর গরম করা, গমের খেতে পাখি তাড়ানো, লেপ-কম্বলের উত্তাপ, কুয়াশাঢাকা ভোরে ও সন্ধ্যায় আনন্দ-কষ্টের মিশেল নিয়ে আমাদের জীবনে শীতকাল উপস্থিত হয়।
শীতের অতিথি পাখিরাও আসছে। শীতের পোশাকের বিক্রিবাট্টার ধুম পড়েছে। ঢাকার ফুটপাতে বসেছে নানারকম মুখরোচক পিঠেপুলির পসরা। বছরের অন্যান্য সময় বাজারে টাটকা সবজি কম পাওয়া গেলেও শীতকালে বাজারে প্রচুর পরিমাণ শীতকালীন শাকসবজি পাওয়া যায়। শীতকাল উপভোগ্য হলেও এই মৌসুমটাতে নানান রোগব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয়। আবহাওয়া পরিবর্তনের ফলে শিশু ও বৃদ্ধদের ঠাণ্ডাজনিত নানা স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।