প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2025 ইং
অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার
মোঃ মশিউর রহমান
দিনাজপুরে অনলাইনভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন-এর দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আনোয়ার হোসেন-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
গত ২২ নভেম্বর ২০২৫ তারিখে ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি থানাধীন কালীতলা এলাকার মেসার্স মনি এন্টারপ্রাইজ বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে অভিযান চালিয়ে প্রথমে দুইজনকে গ্রেফতার করে। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তির ভিত্তিতে পার্বতীপুরের মেলার ডাঙ্গা এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
অভিযানে অনলাইনে ক্যাসিনো পরিচালনার বিভিন্ন কাজে ব্যবহৃত ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন ফোন, ১টি ল্যাপটপ, ১টি সিপিইউ এবং ১টি মনিটর জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, এই চক্রটি মোবাইল অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দীর্ঘদিন ধরে জুয়ার নেটওয়ার্ক পরিচালনা করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।