
মোঃ মশিউর রহমান
দিনাজপুর, ২২ নভেম্বর ২০২৫ : দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ক্যান্টিন প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর বর্ণিল ফাইনাল ম্যাচ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় পুলিশ লাইন্স ও পুলিশ অফিস—দুটি শক্ত প্রতিদ্বন্দ্বী দল। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে পুলিশ অফিস দল পুলিশ লাইন্সকে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে। ম্যাচ শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রশংসা করেন।
দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই আন্তঃ ইউনিট টুর্নামেন্ট শুধু খেলাধুলার উৎকর্ষই নয়, পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, দলগত মনোভাব ও মানসিক প্রশান্তি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।