প্রিন্ট এর তারিখঃ Sep 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2025 ইং
শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

মোঃ নুরুন্নবী।।
বগুড়ার শাজাহানপুরে মহাসড়কের পাশ থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের তালতলা এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক মহসিন আলীর জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম হৃদয় (৩০)। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর গ্রামে। নিহতের বোন চাপা রাণী জানান, হৃদয় মানসিক ভারসাম্যহীন হওয়ায় পরিবার তাকে নজরে রাখতেন। গত ১৮ নভেম্বর তিনি গাইবান্ধায় বেয়াইয়ের খাবার হোটেলে কাজের জন্য যান। পরে ২১ নভেম্বর দুপুরে ট্রেনে করে রাজশাহী ফেরার উদ্দেশ্যে রওনা হলে তিনি বগুড়া রেলস্টেশনে নেমে পড়েন। সেদিন রাত ৮টার দিকে স্থানীয়রা তাকে তালতলা এলাকার আশপাশে ঘোরাফেরা করতে দেখেন। ধারণা করা হচ্ছে, রাত থেকেই ভোরের মধ্যে তার মৃত্যু ঘটে।
শনিবার সকালে স্থানীয়রা কম্বল গায়ে শুয়ে থাকা অবস্থায় তার নিথর দেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পরিবারের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।