
মোঃশাহআলম মোল্লা
সোমবার ১৭ নভেম্বর। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান ঘটাতে সংবাদ সম্মেলন করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুব ইসলাম মাহবুব সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে দলের পরীক্ষিত নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে 'ধানের শীষ' প্রতীকের প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে মোঃ মাহবুব ইসলাম মাহবুব বলেন, গৌরনদী-আগৈলঝাড়ার সাধারণ জনসাধারণ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের একমাত্র প্রাণের দাবি হলো দলের নিবেদিতপ্রাণ নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে এই আসনে মনোনয়ন দেওয়া।
তিনি উল্লেখ করেন যে, ১/১১ এর কঠিন সময়ে যখন দলের অনেক প্রভাবশালী নেতা বিতর্কিত ভূমিকায় ছিলেন, তখন ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দলের পাশে থেকে নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের আশ্রয় ও সাহস জুগিয়েছেন। তাঁর এই ত্যাগ, নির্লোভ নেতৃত্ব এবং দলের প্রতি অবিচল আনুগত্য পরীক্ষিত।
দলের মনোনয়ন তালিকায় বিতর্কিত নাম আসায় সাধারণ জনগণ ও তৃণমূল নেতাকর্মীরা বিক্ষুব্ধ বলে তিনি জানান।
মোঃ মাহবুব ইসলাম মাহবুব সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানান, তারা বিতর্কিত নেতা জহির উদ্দিন স্বপনের পরিবর্তে দলের দুর্দিনের কাণ্ডারী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের কাছে জোর আপিল করছেন।
তিনি বলেন, "দলের দুর্দিনে পরীক্ষিত এবং জনগণের ভালোবাসায় সিক্ত, এমন নেতাই হোক আমাদের আগামী দিনের কান্ডারী।"
মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নীতিনির্ধারকদের কাছে আকুল আবেদন জানিয়ে তিনি বলেন, "আমাদের এই গণদাবী মেনে নিন এবং বরিশাল-১ এ ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে মনোনয়ন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন।"