প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2025 ইং
সিরাজদিখানে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশে নেতৃবৃন্দের অনুপ্রেরণামূলক বার্তা

বিশ্বজিৎ সরকার
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ। রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-০১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি, দেশ ও মানুষের বন্ধু হিসেবে পরিচিত মানবতার ফেরিওয়ালা, দানবীর খ্যাত আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মুগ্ধ করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হায়দার আলী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু তৈয়ব এবং সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য শাজাহান মোল্লা, শিক্ষক প্রতিনিধি ফেরদৌসী রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ বলেন
একটি সুন্দর সমাজ গড়তে হলে প্রথম শর্ত হলো সুশিক্ষা। সন্তানদের প্রতি অভিভাবকদের যত্ন, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের সমন্বয়েই সাফল্য আসে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তাদের মনে স্বপ্ন জাগাতে হবে, শৃঙ্খলার শিক্ষা দিতে হবে এবং প্রযুক্তিভিত্তিক আধুনিক শিক্ষায় দক্ষ করে তুলতে হবে।
তিনি আরও বলেন
বিদ্যালয়ের অগ্রগতি শুধু ভবন দিয়ে হয় না; হয় শিক্ষক অভিভাবক শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায়। তাই সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পাঠচর্চা, নৈতিকতা, প্রযুক্তি নির্ভর শিক্ষার গুরুত্ব এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ে বিশেষ আলোচনা হয়। অভিভাবকরা বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
শেষে একটি সুন্দর, শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে সমাবেশ শেষ হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।