প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
ঈশ্বরগঞ্জে দা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
জুনাঈদ আল হাবিব
ঈশ্বরগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ এ বছর থেকেই শুরু হওয়া এই বৃত্তি পরীক্ষা স্থানীয় শিক্ষাঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
শনিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়ে পরীক্ষাকেন্দ্র ছিল জমজমাট। সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এলাকার মেধাবী শিক্ষার্থীদের জন্য নতুন এই পরীক্ষাটি ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
এবারের প্রথম আয়োজনে মোট ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা পরীক্ষার প্রতি অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন দ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান অধ্যক্ষ মো:তানহার আলী। তার তত্ত্বাবধানে প্রশ্নপত্র বিতরণ থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া অত্যন্ত সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা শেষ হয়।
আয়োজক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম ,আমজাদ হোসেন সোহেল ও অলক ঘোষ খোকন জানায়, এ বছর বৃত্তি পরীক্ষা প্রথমবার হলেও, ভবিষ্যতে প্রতি বছর নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। পরীক্ষার ফলাফল প্রকাশের পর সকল পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করা হবে।
নতুন একটি শিক্ষামূলক উদ্যোগ সফলভাবে সম্পন্ন হওয়ায় পরীক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক সন্তোষ প্রকাশ পেয়েছে। দা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন বিশ্বাস করে, এই বৃত্তি পরীক্ষা আগামীর শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।