প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

বিশ্বজিৎ সরকার
ঢাকা মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল চালকদের হয়রানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটি দেখার পর সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক মোটরসাইকেল চালক নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করেছেন। সামাজিক মাধ্যমে যেন ক্ষোভের ঢেউ উঠেছে।
Riaz Vlog নামের ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায় রিয়াজ নামের একজন যুবক তাঁর সহধর্মিণীকে নিয়ে ভাঙ্গায় ফিরছিলেন। পথেই কুচিয়ামোড়া টোল প্লাজায় তাঁদের মোটরসাইকেল থামান হাঁসাড়া হাইওয়ে থানার কনস্টেবল রাসেল। কাগজপত্র সব ঠিক থাকলেও রিয়াজকে একের পর এক অপ্রাসঙ্গিক ও অযৌক্তিক প্রশ্নে জড়িয়ে ফেলেন তিনি।
ভিডিওতে দেখা যায় রিয়াজকে মোটরসাইকেল ও সহধর্মিণীর কাছ থেকে আলাদা করে নিয়ে পুলিশের গাড়ির সামনে দাঁড় করানো হয়। সেখানে তাঁকে করা হয় বিব্রতকর প্রশ্ন, এ বয়সে কেন বিয়ে করলে?মোটরসাইকেল কেনার টাকা কোথায় পেলে?
এমন প্রশ্নে স্পষ্টই বিরক্ত ও লজ্জিত হয়ে পড়েন রিয়াজ।
ক্ষোভ ঝরে পড়ে তাঁর কণ্ঠে আমার সব কাগজ ঠিক ছিল। তারপরও মাত্র ৫০০ টাকার জন্য আমাকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হলো। মনে হচ্ছে পুলিশ আবার আগের মতো আচরণে ফিরে যাচ্ছে।
ঘটনা প্রকাশ পেলে তা দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুক ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন রাস্তা কি তাহলে মানুষের জন্য, নাকি হয়রানির জায়গা হয়ে গেছে?
এ বিষয়ে জানতে চাইলে হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম মাহমুদুল হক বলেন,
বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। যাচাই বাছাই করে সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।