প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2025 ইং
সিরাজদিখানে মানবতার ছোঁয়ায় ধান কাটা কর্মসূচি

বিশ্বজিৎ সরকার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলেছেন মুন্সীগঞ্জের সিরাজদিখানের বিএনপি নেতাকর্মীরা। গরিব কৃষকের ঘামে ভেজা স্বপ্নকে বাস্তবের হাসিতে রূপ দিতে তারা নেমে পড়েছেন মাঠে হাতে কাস্তে, মুখে উদ্যম আর হৃদয়ে ভালোবাসা।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা খান বাড়ি জমিতে অনুষ্ঠিত হয় এই অনন্য ধান কাটা কর্মসূচি।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি গরিব ও কৃষকের বন্ধু, মানবতার ফেরিওয়ালা, মুন্সীগঞ্জের দানবীর আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ।
তিনি বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকই দেশের প্রাণ, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও রাজনৈতিক অঙ্গীকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, কৃষক দলের সভাপতি মোঃ হাফেজ আলমগীর, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এবি মঞ্জু, জমির মালিক মোশারফ খান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নাঈমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা যখন কাস্তে হাতে নিয়ে মাঠে নেমে ধান কাটতে শুরু করেন চারপাশে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ ভিড় করে এই দৃশ্য দেখতে, কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করেন। উপস্থিত সবাই বলেন, এ যেন রাজনীতি নয় এটা মানবতার সেবায় নিবেদিত এক মহতী উদ্যোগ।
ধানের জমির মালিক মোশারফ খান চোখে আনন্দের জল নিয়ে বলেন, ধান কাটার লোক পাচ্ছিলাম না, শ্রমিকও ছিল না। ঠিক সেই সময় বিএনপির ভাইয়েরা এসে আমার ধান কেটে দিয়েছে। আমি সত্যিই কৃতজ্ঞ। আল্লাহ ওনাদের ভালো রাখুন।এ সময় এলাকার অনেকে জানান, আজকের রাজনীতিতে এমন মানবিক চিত্র বিরল। বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমে প্রমাণ করেছেন রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। স্থানীয়দের মতে সিরাজদিখানে বিএনপির এই ধান কাটা কর্মসূচি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে দীর্ঘদিন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।