প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল উদ্ধার

মো: বিদ্যুৎ হোসেন
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুই শত পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার গভীর রাতে কালুপাড়া বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টহলদল সীমান্তের একটি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা ভারত সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত ট্যাবলেটগুলো ধামইরহাট থানায় জমা দেওয়া হয়েছে। মাদক পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
স্থানীয় জনগণ বিজিবির এ সফল অভিযানের প্রশংসা করে জানায়, সীমান্ত এলাকায় এমন অভিযান চলমান থাকলে মাদক প্রবাহ অনেকাংশে কমে আসবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।