শীতকালে নলকূপের পানি গরম মনে হয়, আবার গরমকালে সেই একই পানি ঠান্ডা লাগে—এই অভিজ্ঞতা প্রায় সবারই আছে। কিন্তু কখনও ভেবে দেখেছেন, আসলে কেন এমন হয়? অনেকেই মনে করেন, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পানির তাপমাত্রাও বদলে যায়। কিন্তু বিজ্ঞানের ভাষায় বিষয়টি একদমই ভিন্ন।
বিশেষজ্ঞদের মতে, নলকূপ বা টিউবওয়েলের ভূগর্ভস্থ পানির তাপমাত্রা সারা বছর প্রায় একই থাকে। বাংলাদেশের মাটির নিচের পানির তাপমাত্রা সাধারণত ২৩° থেকে ২৭° সেলসিয়াসের মধ্যে থাকে—গড়ে প্রায় ২৫° সেলসিয়াস। অর্থাৎ গরম হোক বা শীত, নলকূপের পানি তেমন পরিবর্তন হয় না।
তাহলে শীতে গরম আর গরমে ঠান্ডা লাগে কেন?
বিজ্ঞানীরা বলছেন, এর মূল কারণ পরিবেশের তাপমাত্রা ও আমাদের শরীরের তাপমাত্রার পার্থক্য। গরমকালে বাইরের তাপমাত্রা বেড়ে যায় ৩৫°–৩৯° সেলসিয়াস পর্যন্ত। শরীরও তখন গরম থাকে, প্রায় ৩৫° সেলসিয়াস। কিন্তু নলকূপের পানি থাকে ২৫° সেলসিয়াসে—যা শরীরের তুলনায় প্রায় ১০° সেলসিয়াস ঠান্ডা। ফলে তখন পানি “ঠান্ডা” মনে হয়।
অন্যদিকে শীতকালে যখন তাপমাত্রা নেমে আসে ১২°–২০° সেলসিয়াসে, আমাদের শরীরও ঠান্ডা হয়ে যায়। সেই সময় একই ২৫° সেলসিয়াস পানিই তুলনামূলকভাবে গরম মনে হয়।
বাস্তবে পানি গরম নয়—বরং শরীর ঠান্ডা বলে তা গরম অনুভূত হয়।
আরও মজার বিষয় হলো, শীতকালে সকালে প্রথমে নলকূপের পানি তুললে তা বেশি ঠান্ডা লাগে। কারণ পাইপের উপরের অংশে থাকা পানি রাতভর বাইরের ঠান্ডা বাতাসে ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ পর গভীর স্তরের পানি উঠলে সেটিই তুলনামূলক উষ্ণ মনে হয়। গরমকালে ঘটে উল্টোটা—প্রথমে গরম, পরে ঠান্ডা পানি অনুভূত হয়।
পদার্থবিদ্যার সাধারণ সূত্র বলছে—যে বস্তুর তাপমাত্রা শরীরের চেয়ে কম, সেটি ঠান্ডা লাগে; বেশি হলে গরম লাগে। ভূগর্ভস্থ পানির তাপমাত্রা মাটির নিচে ধীরে পরিবর্তিত হয়, তাই সারাবছর প্রায় একই থাকে।
অর্থাৎ বলা যায়, নলকূপের পানি কখনো গরম বা ঠান্ডা হয় না—বরং আমাদের শরীর ও পরিবেশের তাপমাত্রাই বদলায়।
বিজ্ঞানের চোখে নলকূপের পানি সারা বছর প্রায় একই থাকে, কেবল আমাদের অনুভূতিই বদলায়।