
আল-আমীন জোয়ার্দ্দার, ঝিনাইদহ।
'ঝিনাইদহে শৈলকূপা উপজেলার ভাটইবাজার স্বংলগ্ন আসাননগর ও কালীগঞ্জ উপজেলার পাতিবিলা বটতলা এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।'
সোমবার (১০ নভেম্বর) আনুমানিক ৩ :৩০ ঘটিকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটইবাজার পার্শ্ববর্তী আসাননগর এলাকায় চলন্ত বাস চাপায় মিরাজ হোসেন(২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মিরাজ হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
জানা যায়, মিরাজ শৈলকূপায় কাজ শেষে মোটরসাইকেলে ঝিনাইদহে ফেরার পথে ভাটইবাজার পার্শ্ববর্তী আসাননগর এলাকায় একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যান। পরবর্তীতে শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠান।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘাতক বাসটি স্থানীয়রা জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে,, একই দিনে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ট্রাকের চাপায় অপর আরেক মোটরসাইকেল আরোহী রফিক রেজা নিহত হন। নিহত রফিক রেজা শৈলকূপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। দূর্ঘটনায় তার সাথে থাকা যাত্রী নুরুজ্জামানও গুরুত্বর আহত হয়।
জানা যায়, রফিক রেজা ও নুরুজ্জামান একইসাথে মোটরসাইকেলে মহেশপুর থেকে কালীগঞ্জে ফেরার পথে রাস্তার ওপরের বালুর স্তুপে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রফিক রেজা নিহত হয় এবং তার সহযাত্রী নুরুজ্জামান মারাত্মক আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত নুরুজ্জামানকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।