প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
ধামরাইয়ে ৭ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে উঠা ৭ টি ইট ভাটায় অভিযান চালিয়ে ৩ টি ইট ভাটার চিমনিসহ ভাটার কিছু অংশ ভেঙে গুড়িয়ে দেন এবং বাকি ৪ টি ইট ভাটাকে মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব সৈয়দ ফরহাদ হোসেনের নেতৃত্বে ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর ৩ টা পর্যন্ত ধামরাই উপজেলার ভাড়াড়িয়া ও সদর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব সৈয়দ ফরহাদ হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ান উল ইসলাম৷
জানা যায়, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া এলাকায় অবৈধভাবে গড়ে উঠা এইচ এম বি ব্রিকস, এন এ এম ব্রিকস ও ফোর স্টার ব্রিকস এর চিমনিসহ ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে এবং সেই সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তিনটি ভাটার ইট উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।
অপরদিকে উপজেলার সদর ইউনিয়নের ডেমরান এলাকায় বিবিসি ব্রিকস, ডিবিস ব্রিকস, নূর ব্রিকস এর ডিসি লাইসেন্স থাকায় এই ৩ টি ভাটাকে ৩ লক্ষ টাকা করে মোট ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ও স্টাইল ব্রিকস কে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ৪ ভাটাকে মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কোন লাইসেন্স না থাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ান উল ইসলাম বলেন, আজ মঙ্গলবার সকাল থেকে ৭ টি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। ৩ টি ভাটার চিমনিসহ ভাটা ভেঙে গুড়িয়ে দিয়ে ইট উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কারণ এদের বৈধ কোন কাগজপত্র নেই। এছাড়া বাকি ৪ টি ভাটার পরিবেশ অধিদপ্তরের কাগজপত্র না থাকলেও তাদের জেলা প্রশাসকের কাগজপত্র রয়েছে। কিন্তু তাদের মাটি কাটার কোন অনুমতি না থাকায় ঔই চারটি ভাটাকে মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে আবাসিক এলাকা, স্কুল কলেজের এক কিলোমিটারের মধ্যে অবৈধ ইটভাটায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে৷
অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান পরিচালনার সময় জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের লোকজনসহ প্রায় শতাধিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।