প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

আবু সায়েম
নওগাঁর নিয়ামতপুরে ঐতিহাসিক সাতঘরা ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক আকর্ষণীয় ফাইনাল ফুটবল খেলা। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ধাঐল একাদশ বনাম আদমপুর একাদশ। ৪০ মিনিটের দুই অর্ধে পরিচালিত এই খেলাটি দেখতে মাঠজুড়ে ছিল উপচে পড়া দর্শকের ভিড়।
খেলার প্রথমার্ধ ছিল আক্রমণ-পাল্টা আক্রমণে টানটান উত্তেজনাপূর্ণ, তবে কোন দলই গোল করতে সক্ষম হয়নি। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় ধাঐল একাদশের ১৪ নম্বর জার্সিধারী খেলোয়াড় রতন দক্ষতা ও গতি প্রদর্শন করে একমাত্র জয়সূচক গোলটি করেন। ফলে ধাঐল একাদশ ১-০ গোলে আদমপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা পরিচালনা করেন নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত রেফারি ফারুক, আমিনুর ও তাইজুল ইসলাম।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীরা বলেন, ঐতিহাসিক সাতঘরা ফুটবল মাঠে নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন তরুণ সমাজকে সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।