প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
ঝালকাঠির নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. মমিন উদ্দিন

এস.এম. পারভেজ
জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে ঝালকাঠিতে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মমিন উদ্দিন। তিনি এর আগে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দ্বিতীয় ধাপে একযোগে ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ঝালকাঠির পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুরে নতুন ডিসি দায়িত্ব পাচ্ছেন।
এর আগে শনিবার মধ্যরাতে প্রথম ধাপে ১৫ জেলায় নতুন ডিসিদের দায়িত্ব দেওয়া হয়। ধারাবাহিক এই রদবদলকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন প্রশাসনের সংশ্লিষ্টরা।
২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ঝালকাঠির জেলা প্রশাসক হিসেবে যোগ দেন আশরাফুর রহমান। ২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হন।
ঝালকাঠিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি অবৈধ বালু উত্তোলন বন্ধ, নিয়মিত গণশুনানী চালু, শহীদ পরিবার ও বিশেষ শিশুদের সহায়তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন, নদীভাঙন রোধ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দৃষ্টান্ত স্থাপন করেন।
তার কর্মদক্ষতা, সততা ও মানবিকতার কারণে স্বল্প সময়েই তিনি জেলাবাসির কাছে আস্থা ও সুনামের প্রতীক হয়ে ওঠেন।
ঝালকাঠিতে নবাগত জেলা প্রশাসক হিসেবে মো. মমিন উদ্দিন শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।