দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নিপীড়ন ও প্রতিকূল সময় পার করে অবশেষে দলীয় মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় নেতা বাবু ভাই। এই খবরে আনন্দের জোয়ার বইতে শুরু করে আঠারবাড়ি ইউনিয়নসহ আশপাশের এলাকায়। বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসে।
সরেজমিনে দেখা যায়, বাবু ভাইয়ের মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। এরই ধারাবাহিকতায় আঠারবাড়ি বাজার থেকে এক বিশাল বিজয় মিছিল বের হয়। শত শত মোটরসাইকেল, ব্যানার, ফেস্টুন ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা।
মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা স্লোগান দিতে থাকে—
“বাবু ভাই জিন্দাবাদ”, “জনতার নেতা বাবু ভাই”, “আয়না ঘর থেকে ফিরে আসা যোদ্ধা”— এমন নানা শ্লোগানে আকাশ মুখর হয়ে ওঠে।
ইউনিয়ন বিএনপির একমাত্র সদস্য–সচিব প্রার্থী হাদিস মিয়া বলেন, “আয়না ঘরে নির্যাতিত হওয়ার পরও বাবু ভাই হার মানেননি। তিনি আমাদের অনুপ্রেরণা। আজ তাঁর নমিনেশন আমাদের প্রাপ্য সম্মান।”
উল্লেখ্য, কয়েক বছর আগে আলোচিত “আয়না ঘর” ঘটনায় রাজনৈতিক হয়রানির শিকার হয়েছিলেন বাবু ভাই। সেই দুঃসহ অভিজ্ঞতার পরও তিনি জনগণের পাশে থেকে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে গেছেন। তাঁর সেই দৃঢ়তা ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই এবার দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন বলে বিশেষভাবে মনে করা হয়।
স্থানীয় নেতা ও কাপড় ব্যবসায়ী আরিফ বলেন, “আঠারবাড়ির মানুষ বাবু ভাইকে নিজের সন্তানের মতো ভালোবাসে। তিনি দিনমজুর থেকে শুরু করে ব্যবসায়ী—সবার খোঁজ রাখেন। তাঁর মনোনয়ন পাওয়া মানে আমাদের জয়ের অর্ধেক সম্পন্ন।”
বিজয় মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় নেতারা বাবু ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন— “বাবু ভাই শুধু একজন রাজনীতিক নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে এক প্রতীক। তাঁর নমিনেশন শুধু দলের নয়, এটি জনগণের বিজয়।”