প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2025 ইং
মাদারীপুর-৩ আসনে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেয়ার দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

হাবিবুর রহমান সুমন
মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের ব্যানারে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ড. কাজী আবুল বাসার দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামি মাদারীপুর জেলা শাখার নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মসংস্থান বিভাগের কেন্দ্রীয় সম্পাদক ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বক্তারা আরও বলেন, গত ১৭ বছর ধরে তিনি ফ্যাসিস্ট সরকারের অত্যাচার, নির্যাতন ও জুলুমের শিকার হয়ে একাধিকবার কারাবরণ করেছেন। হাসিনা সরকারের ভয় ও নিপীড়নের কারণে দীর্ঘদিন এলাকা ছেড়ে থাকতে বাধ্য হয়েছেন। ত্যাগী ও আদর্শবান নেতা হিসেবে মাদারীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ড. কাজী আবুল বাসারকে মনোনয়ন দেয়ার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু কাজী, ২নং প্যানেল চেয়ারম্যান হক সরদার, মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন, হাফিজ মাতুব্বর, মোতালেব হাওলাদার ও আবু তালেব মাতুব্বরসহ অনেকে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।