প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2025 ইং
ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না

সুমন আহমদ খান
যথাযোগ্য মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না। আজ সেটিই প্রমাণিত। তিনি আরও বলেন, যিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেন, তিনি মানুষের হৃদয়ে স্থান করে নেন তাকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না।
বিশেষ অতিথি প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন ছিল ন্যায়, নীতি ও স্বনির্ভরতার ভিত্তিতে গঠিত। তাঁর তিনটি মূলনীতি বহুদলীয় গণতন্ত্র, স্বনির্ভরতা ও জাতীয়তাবাদ বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে পারে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, ৭ নভেম্বর শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণের ঐক্যের প্রতীক। এই ঐক্যই জাতির স্থিতিশীলতা ফিরিয়ে এনেছিল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। সভায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।