প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2025 ইং
ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের নয়

মাহে আলম মাহী
ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের নিজস্ব সংগঠন, কোনো রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন ভোলা সদর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর। তিনি বলেন, “এই প্রেসক্লাব আমার বড় ভাই প্রতিষ্ঠা করেছিলেন সাংবাদিকদের জন্য। এখানে থাকবে সাংবাদিকদের আড্ডা, সাংবাদিকরাই এটিকে জমজমাট করে তুলবেন।”
শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গোলাম নবী আলমগীর বলেন, “ভোলার সাংবাদিকদের প্রয়োজনে আমি সবসময় পাশে আছি। ভোলার উন্নয়নের জন্য আমরা সবাই একসাথে কাজ করবো। বিএনপি থেকে মনোনীত আমরা ভোলার ৪ জন সংসদে যাব ইনশাআল্লাহ। এছাড়াও আন্দালিব রহমান পার্থ, আমিনুল হক এবং সাইফুল ইসলাম নিরব ঢাকা থেকে নির্বাচিত হয়ে সংসদে যাবে। আমরা সবাই ভোলার উন্নয়নের কথাই বলবো সংসদে।”
আন্দালিব রহমান পার্থের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে তিনি আরও বলেন, “আন্দালিব রহমান পার্থ আমার ভাইয়ের ছেলের মতো। তার বাবার সঙ্গেও আমার ভালো সম্পর্ক ছিল। তিনি ঢাকার এমপি হলেও ভোলার উন্নয়নের কথা সংসদে বলবেন।” বিএনপি সরকার গঠন করলে ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ আমিরুল ইসলাম বাছেত এবং সঞ্চালনা করেন তালহা তালুকদার বাঁধন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরন, সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, এনামুল হক, বশির হাওলাদার, এ্যাডভোকেট সালাউদ্দিন হাওলাদার এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন।
এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, আলতাজের রহমান কলেজের সাবেক অধ্যক্ষ জাহান জেব আলম, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ এবং জেলা জিয়া পরিষদের আহ্বায়ক নুরনবী তালুকদারসহ স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।