
মোঃ আব্দুল্লাহ আল মামুন
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসির বলেছেন, “বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে যারা কাজ করছে, তাদের পেছনে জামায়াত ও আওয়ামী লীগের অর্থায়ন রয়েছে।”
শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল গণ পাইলট সরাসরি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত গণসমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল হক নাসির বলেন,
“গত ১৭ বছর ধরে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রাম করে আসছি। এই আন্দোলনে হাজারো নেতা-কর্মী নির্যাতিত হয়েছেন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ঘাটাইলের মানুষকে সঙ্গে নিয়ে আমরা বিএনপির বিজয় নিশ্চিত করব।”
তিনি আরও অভিযোগ করেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে এমন কিছু ব্যক্তি আওয়ামী লীগ ও জামায়াত ইসলামের অর্থায়নে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
গণসমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।