
মোঃ আব্দুল্লাহ আল মামুন
টাঙ্গাইল শহরের ছয়আনী বাজারে মথ বীজকে মুগ ডাল হিসেবে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ও টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, টাঙ্গাইলের কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন জেলা থেকে রং মেশানো মথ বীজ এনে তা মুগ ডাল হিসেবে বিক্রি করছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দুই ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, ওই ব্যবসায়ীদের বিক্রিত ডাল ৪৮ ঘণ্টার মধ্যে যেখান থেকে ক্রয় করা হয়েছে সেখানে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মেমোসহ প্রমাণ না দিতে পারলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় ব্যবসায়ীদের নকল, ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত খাদ্যপণ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।