প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2025 ইং
বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত

সেলিম হোসেন
বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ফাহাদ (২০)। তিনি বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। নিহত ফাহাদ একই এলাকার আব্দুল লতিফের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফাহাদের মামা মশিউর রহমান কাকন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার সবেদ আলী সরদারের ছেলে হানিফ (৭০), শাজাহানপুর উপজেলার জোড়া দক্ষিণপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে শিয়াবুর রহমান সৈকত (১৫), কাহালু উপজেলার দোয়ারী গ্রামের রমজান আলীর ছেলে নয়ন (৪০), এ ছাড়া এই দুর্ঘটনায় আহত আরও দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, "সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফাহাদ নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।