প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2025 ইং
ব্যাটারি চালিত অটোরিকশা রাজত্বে তাড়াইল উপজেলা তীব্র যানজট মানুষের চরম ভোগান্তি

মো ওমর খান সানি
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারে অবাধে গড়ে উঠেছে অটোস্ট্যান্ড। প্রতিদিন বাড়ছে জনদুর্ভোগ হচ্ছে দুর্ঘটনা। উপজেলা প্রশাসন ও বাজার বণিক সমিতির অবহেলায় এতে বাজারে আসা লোকজন তীব্র যানজটে চরম ভোগান্তিতে ভুগছেন।
সরেজমিনে বুধবার (৬ নভেম্বর) দেখা যায়, প্রতিদিন তাড়াইল উপজেলা সদর বাজার এলএসডি রোড, থানার মোড়, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ, এশিয়া ব্যাংক, জাওয়ার রোড, উপজেলা পরিষদ, মাদরাসা মার্কেট, মেইন রোডে অটোস্ট্যান্ডে লোক সমাগমের কারণে দূরপাল্লার যানবাহনসহ বিপাকে পথচারীরা। নির্দিষ্ট কোনো ট্রাফিক না থাকায় ব্যবসায়ীসহ বিভিন্ন জায়গা থেকে আসা পথচারীদের দুর্ভোগ বাড়ছে।
অন্যদিকে উপজেলা সদর বাজারে সাপ্তাহিক হাট শনিবার ও মঙ্গলবার হওয়ায় সেদিনের দুর্ভোগের যেন শেষ নেই। আফতাব মিয়া, বকুল মিয়া ও মাহবুব আলমসহ আরও কয়েকজন ব্যবসায়ী জানান, আমাদের তাড়াইল সদর বাজারে নির্দিষ্ট কোনো ট্রাফিক না থাকায় প্রতিদিন অটোরিকশা ভিড় জমানোর কারণে অনেক সময় দেখা যায় ৩০ থেকে ৪০ মিনিট জ্যাম লেগে থাকে। এর দ্রুত সমাধান চান বলে তারা জানান। এছাড়াও পথচারী আবদুল কাদেরসহ অনেকেই জানান, নির্দিষ্ট কোনো ট্রাফিক না থাকায় চারদিক থেকে আসা যানবাহন ও অটোস্ট্যান্ড রাস্তার ওপর দাঁড় করায় আমরা প্রতিনিয়ত যানজটের শিকার হচ্ছি। এ ব্যাপারে আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নৌশাদ বলেন, উপজেলা সদর বাজারের বণিক সমিতি এ বিষয়ে কোনো উদ্যোগই নিচ্ছে না। যানজটমুক্ত উপজেলা সদর বাজার গড়ার ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান হিসেবে আমি প্রসাশনকে সর্বাত্মক সহযোগিতা করব।
এ বিষয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান বলেন, যানজট নিরসন ও ফুটপাতের দোকান উচ্ছেদের জন্য সকল শ্রেণি-পেশার মানুষদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অতিদ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী ইনকিলাবকে বলেন, গত মাসের আইনশৃংখলা মিটিংয়ে বিষয়টি নিয়ে জোড়ালো আলোচনা হয়েছে। তাড়াইল বাজার বণিক সমিতিকে বলা হয়েছে সকল শ্রেণি-পেশার মানুষদের নিয়ে যানজট নিরসনে অতিদ্রুত ব্যবস্হা নেয়ার জন্য। প্রশাসন তাদের সার্বিক সহযোগিতা করবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।