
বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে এক মামলার এজাহারভুক্ত আসামি রাজিহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম খায়েরকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম খায়ের বড় বাশাইল গ্রামের মো. অছেল মোল্লার ছেলে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বড় বাশাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আটককৃতের বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম। তিনি জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা রাশেদুল ইসলাম খায়েরকে গ্রেপ্তার করে।
যে মামলার আসামি খায়ের
ওসি মো. অলিউল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম খায়ের ২০২২ সালের ১৩ নভেম্বর সংঘটিত একটি মামলার এজাহারভুক্ত আসামি। ওইদিন বিকেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে বসে আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী মারধর করে এবং তার মোটরসাইকেল ভাঙচুরসহ ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি।
গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম খায়েরকে বুধবার (৫ নভেম্বর) সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হয়।