প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2025 ইং
ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ বরিশাল-১ বিএনপি

মোঃ শাহালমবরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ঘোষণার পর স্থানীয় রাজনীতিতে ফিরে এসেছে চাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ। দুইবারের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন-কে দল চতুর্থবারের মতো ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করার পরপরই তাঁর সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। দলের এই কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মনোনয়নপ্রত্যাশীদের ঐক্যের বার্তা
মনোনয়ন ঘোষণার পর এই আসনের গুরুত্বপূর্ণ অন্য মনোনয়নপ্রত্যাশীরাও জহির উদ্দিন স্বপনের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন জানিয়েছেন। তাঁরা সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বার্তা দেন। তাঁরা একযোগে প্রতিশ্রুতি দিয়েছেন—দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তাঁরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মনোনয়ন নিয়ে পূর্বে কোনো প্রতিযোগিতা থাকলেও, এখন দলের বৃহত্তর স্বার্থে তাঁরা একতাবদ্ধ হয়েছেন।

কেন্দ্রীয় নেতৃত্বের জোর আহ্বান
এদিকে, দলের কেন্দ্রীয় নেতৃত্বও এই ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন্দ কুদ্দুসুর রহমান, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এবং ২০০৮ সালের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান—সকলেই আলাদা আলাদাভাবে বার্তা দিয়েছেন।
তাঁরা স্পষ্ট করে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করতে হবে।”
কেন্দ্রীয় নেতাদের এই আহ্বানে সকল ভেদাভেদ ভুলে বিএনপির প্রার্থীকে জয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন গৌরনদী-আগৈলঝাড়ার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।