
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে উপজেলা বিএনপির একাংশ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার বিকেলে ঘাটাইল উপজেলার কলেজ মোড় চত্বরে টাঙ্গাইল–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আজাদের সমর্থকরা। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা লুৎফর রহমান খান আজাদকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে অন্য প্রার্থীর হাতে—যা স্থানীয় নেতাকর্মীদের মনে চরম ক্ষোভ সৃষ্টি করেছে।
তারা দ্রুত দলীয় হাইকমান্ডের প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন, “দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় অবিচার হলে মাঠে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।