
মোঃ মশিউর রহমান
দিনাজপুরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উদ্যোগে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে পুলহাট এলাকা থেকে শুরু করে সদর উপজেলার খানপুর বাজার, বোর্ডের হাট, রামসাগর বাজার ও হাজীর মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কজুড়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন দিনাজপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম চৌধুরী। তিনি জানান, সড়কের উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, স্থাপনা ও দখলকৃত জমি দখলমুক্ত করতেই এ অভিযান চালানো হচ্ছে।
“১৫ অক্টোবর আমরা সবাইকে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দিয়েছিলাম। কিন্তু অনেকেই তা উপেক্ষা করেন। তাই আইন অনুযায়ী আজ আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি,”
— বলেন নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম চৌধুরী।
প্রথম দিনেই সড়কের দুই পাশে অস্থায়ী দোকান, টিনের ঘর, দেয়াল ও বেড়াসহ নানা স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা। নির্বিঘ্নে অভিযান পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে সড়কের পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানজট, দুর্ঘটনা ও জলাবদ্ধতা ছিল নিত্যদিনের সমস্যা। উচ্ছেদ অভিযানের ফলে এসব সমস্যা অনেকাংশে লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম চৌধুরী আরও বলেন,
“দিনাজপুর জেলার আওতাধীন সওজের অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে অবৈধ দখল উচ্ছেদ করা হবে। সড়ক দখলমুক্ত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
উচ্ছেদ অভিযানের ফলে এলাকাজুড়ে স্বস্তির পরিবেশ বিরাজ করছে।