প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
জামালপুরে ৫ দফা দাবীতে অটোরিক্সা চালকদের ধর্মঘট

শফিকুল ইসলাম
জামালপুরে ব্যাটারিচালিত অটোরিক্সার লাইসেন্সের নবায়ন ফি কমানো, নতুন করে লাইসেন্স প্রদান না করা, লাইসেন্সবিহীন গাড়ী চলাচল বন্ধসহ ৫ দফা দাবীতে অটোরিক্সা চালকদের ধর্মঘট চলছে। রবিবার (১ নভেম্বর) সকাল থেকে জামালপুর ইজিবাইক ও রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এই ধর্মঘট শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।ধর্মঘটের কারণে সকাল থেকে শহরে বন্ধ রয়েছে সকল প্রকার ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল। অটোরিক্সা চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীরা। সকালে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সাধারণ যাত্রীদের দাড়িয়ে থাকতে ও যানবাহনের জন্য ভীড় করতে দেখা গেছে। জরুরী প্রয়োজনে অনেকে পায়ে হেটেই তাদের গন্তব্যে যাচ্ছেন।অটোরিক্সা চালক হাসান আলী বলেন, লাইসেন্সের ফি আগেরটাই নির্ধারণ করতে হবে, বৃদ্ধি করা যাবে না। লাল ও সবুজ রং করে এক দিন পর পর অটোরিক্সা চালানোর নিয়ম বাতিল করতে হবে। বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। অটোরিক্সা চালক সোহেল মিয়া বলেন, ২ হাজার ৫শ টাকার লাইসেন্সের ফি বৃদ্ধি করে ৩ হাজার ৫শ টাকা করা হয়েছে। ৩ হাজার টাকার লাইসেন্স ফি বৃদ্ধি করে ৪ হাজার ৫শ টাকা করা হয়েছে। আমাদের দাবী লাইসেন্স ফি কমিয়ে পূর্বের ফি বহাল রাখতে হবে। সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার সময় কোন যানবাহন না পেয়ে গৃহিনী শান্তা জানান, অটোরিক্সা চলাচল বন্ধ থাকায় বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে প্রশাসনের কাছে তাদের দাবীগুলো তুলে ধরা উচিত। চাকুরিজীবি শফিকুল ইসলাম বলেন, আমি প্রায় আধা ঘন্টা ধরে হাটছি। অফিসে যাওয়ার জন্য কোন যানবাহন পাচ্ছি না। সময়মত অফিসে পৌছাতে পারব কিনা অনিশ্চিত। ধর্মঘটের কারণে আমাদের কষ্ট হচ্ছে। এমন ধর্মঘট না হওয়াই ভালো, সরকার যেন এদিকে নজর দেয়। জামালপুর ইজিবাইক ও রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতা খাইরুল ইসলাম বলেন, আমাদের সংগঠনের কোন কমিটি নেই। আমরা সবাই নেতা, সবাই মালিক, সবাই চালক-শ্রমিক। আমরা গত ৩০ অক্টোবর জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে আমাদের দাবীগুলো নিয়ে স্মারকলিপি দিয়েছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ দেখছি না। প্রশাসনের সাড়া না পেয়ে আজ আমরা দুপুর ১টা পর্যন্ত ধর্মঘট করব। দুপুর ১টায় শহরের গেইটপাড় এলাকা থেকে অটোরিক্সা চালকদের একটি বিক্ষোভ মিছিল বের হবে। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হবে এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর পরবর্তী কর্মসুচি ঘোষণা করা হবে। অটোরিক্সা চালকদের ৫ দফা দাবীগুলো হলো- ব্যাটারিচালিত অটোরিক্সার লাইসেন্সের নবায়ন ফি কমানো, নতুন করে লাইসেন্স প্রদান না করা, গাড়ী রং করার সিদ্ধান্ত বাতিল, যানযট নিরসনে শহরের প্রবেশপথ গুলোতে চেকপোষ্ট বসানো ও লাইসেন্সবিহীন গাড়ী চলাচল বন্ধ করা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।